আওয়ামী লীগের তৃণমূল নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে সমস্ত ইউনিয়নে কোন্দল আছে তা মিটিয়ে ফেলতে হবে। যুদ্ধাপরাধী, জঙ্গী, দুর্নীতিবাজ, মানি লন্ডারিংকারীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে। আজ গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের উপস্থিতিতে বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় কাউন্সিলর এবং জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক ভাষণ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
ভিডিও-
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতারা মাঝেমধ্যে ভুল করলেও তৃণমূল নেতারা কখনও ভুল করে না- এমন উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের দলের উচ্চ পর্যায়ের নেতারা মাঝেমধ্যে ভুল করেন।
কিন্তু তৃণমূল নেতারা কখনও ভুল করে না। বঙ্গবন্ধু যখন ৬ দফা দিয়েছিলেন তখন কেউ কেউ ৮ দফা নিয়ে তাদের পেছনে ছুটেছেন। শেখ হাসিনা আরো বলেন, তৃণমূলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন বলেই আমরা ক্ষমতায় আসতে পেরেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা এ দেশের মানুষের জন্য আজীবন কাজ করেছেন। দেশের মানুষের কল্যাণে অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। মানুষ দল ত্যাগ করে মন্ত্রিত্বের জন্য, কিন্তু জাতির পিতা মন্ত্রিত্ব ছেড়ে দলকে গড়ে তুলেছিলেন। তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন মানুষকে ভালোবেসে। তার আদর্শে গড়ে ওঠে দেশের কল্যাণে আপনাদেরও কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।
0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন